মাঝ আকাশে বিমানে ত্রুটি, দিল্লি ফিরতে হলো রাহুলকে

 

নির্বাচনী প্রচারে যাওয়ার পথে মাঝ আকাশে বিগড়ে গেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিমান। তার জেরে তড়িঘড়ি দিল্লি ফিরে আসতে হল তাকে।  খবর আনন্দবাজার পত্রিকার

শুক্রবার বিহারের সমস্তিপুর, উড়িষ্যার বালেশ্বর এবং মহারাষ্ট্রের সঙ্গমনেরে জনসভা ছিল রাহুল গান্ধীর। সমস্তিপুরে সভা হওয়ার কথা ছিল সকাল সাড়ে ১০টায়। সেই মোতাবেক প্রথম বিহারের উদ্দেশেই রওনা দেন তিনি। তখনই বিপত্তি বাধে বলে জানা গেছে। পরে নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন রাহুল। তাতে দুই চালককে ওই বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করে রাহুল লেখেন, ‘পাটনা যাওয়ার পথে বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। তাই দিল্লি ফিরে আসতে বাধ্য হই আমরা। সমস্তিপুর, বালেশ্বর এবং সঙ্গমনেরে সভা দেরিতে হবে। অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী আমরা।’

এদিন মার্কিন সংস্থা হকার বিচক্র্যাফ্ট সংস্থার নির্মিত, একটি মাত্র ইঞ্জিন যুক্ত, আট আসনের কিং এয়ার বি২০০০ বিমানে চেপে রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে রওনা দিয়েছিলেন। কিন্তু নির্বাচনী প্রচারে সাধারণত এক ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান ব্যবহার করা হয় না বলে সংবাদ মাধ্যমকে জানান মুম্বাইয়ের উড়ান বিশেষজ্ঞ প্রদীপ থাম্পি। অবশ্য এ বছর নির্বাচনের তিনমাস আগে থেকেই বিমানের বুকিং শুরু হয়ে গিয়েছিল। হাতের কাছে অন্য কিছু না পেয়েই কংগ্রেস সভাপতি ওই বিমানটিতে উঠেছিলেন।  কংগ্রেসের তরফে যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে তদন্তের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ডিজিসিএ)।