চরমপন্থি মতবাদ পরাজিত হবেই :প্রিন্স উইলিয়াম

রয়টার্স

 

চরমপন্থি মতবাদ অবশ্যই পরাজিত হবে বলে মন্তব্য করেছেন প্রিন্স উইলিয়াম। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ।

১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নুরসহ দুটি মসজিদে জুমার নামাজ চলাকালে গুলি ছোঁড়ে ৫০ জনকে হত্যা করা হয়। আল নুর মসজিদে নিহত হন ৪৩ জন। ওই ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে ও হামলা থেকে রক্ষা পাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলতে রানি এলিজাবেথের পক্ষে দুই দিনের সফরে এখন নিউজিল্যান্ডে গেছেন প্রিন্স উইলিয়াম। কড়া নিরাপত্তার মধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের সঙ্গে আল নুর মসজিদ পরিদর্শন করেন উইলিয়াম। তাকে স্বাগত জানান মসজিদের ইমাম জামেল ফৌদা। পরে সেখানে উপস্থিত মুসলিম সমপ্রদায়ের মানুষদের উদ্দেশে বক্তব্য দেন উইলিয়াম। তিনি বলেন, যে কোনো ধরনের চরমপন্থি মতবাদ অবশ্যই পরাজিত হবে। এখানে যা ঘটেছিল, তার মদদ দিয়েছিল চরমপন্থি মতাদর্শ।

বৃহস্পতিবার অকল্যান্ডে পৌঁছান প্রিন্স উইলিয়াম। সেখানে তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশেষ দিবস ‘আনজাক ডে’ পালন করেন। এরপর অকল্যান্ডের স্টারশিপ চিলড্রেন হাসপাতালে পাঁচ বছরের শিশু অ্যালেন আলসাতির সঙ্গে সাক্ষাত্ করতে যান ডিউক অব কেমব্রিজ। এই সপ্তাহে কোমা থেকে জেগেছে অ্যালেন। ক্রাইস্টচার্চের মসজিদে সে আহত হয়েছিল। ওই ঘটনায় অ্যালেনের বাবাও আহত হয়েছিলেন।