সমাজসেবক আসিয়া আলী রানি আর নেই। গত ৫ ফেব্রুয়ারি ৬৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি গতবছরের নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হলে সেখানেই তিনি মারা যান। গত ৭ ফেব্রুয়ারি বগুড়ায় নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়।
বগুড়ার সাবেক এমএলএ অ্যাডভোকেট দেওয়ান মহিউদ্দিনের নাতনি আসিয়া আলি রানি ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ছাত্রলীগ নেত্রী ছিলেন। এছাড়া বাংলাদেশ মহিলা আওয়ামী লীগেও নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগ তাঁকে বগুড়ার সংসদ সদস্য পদেও মনোনয়ন দিয়েছিল।
আসিয়া আলী রানির জীবনের বড় একটা অংশ স্বামী-সন্তানসহ প্রবাসে কেটেছে। স্বামী ডা. একেএম আক্কাস আলী একজন চিকিৎসক। আসিয়া ভ্রমণ ভালোবাসতেন এবং ২০টিরও বেশি দেশে তিনি ভ্রমণ করেছেন। একজন সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে মেয়েদের খেলাধুলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। লিবিয়ায় থাকাকালে আন্তর্জাতিক নারী কংগ্রেসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে ফেরার পর রোটারি ক্লাব অব বগুড়ার সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে স্বামী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।