অবশেষে পরিবার পেলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া সেই শিশুটি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ এক দম্পতির কাছে পাঁচদিন বয়সী এই নবজাতককে হস্তান্তর করেন।
তিনি জানান, জেলা প্রশাসকের পরামর্শে নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটি তুলে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন প্রক্রিয়া শেষ করে তাদের কাছে শিশুটি তুলে দিয়েছি। ভবিষ্যৎ চিন্তা করে ওই দম্পতির পরিচয় গোপন রাখা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার এক নারী আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে সন্তানকে হাসপাতালে ফেলে রেখে মা ও তার পরিবার পালিয়ে যায়। বিষয়টি ইউএনওকে জানানোর পর তিনি শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে যান। পরে শিশুটির দত্তক নিতে অনেকেই ইউএনওর কাছে আবেদন করেন।