‘ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালেই ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা’ 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই তেল, চিনি ও ডালের বাড়ানো হয়েছে। ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেছেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রফতানি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে রফতানি দিন দিন বাড়ছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রফতানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রফতানির বিষয়ে সজাগ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। ৬০০  টাকা টনের ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে ১ হাজার ৩০০ ডলারে উঠেছে। একইভাবে ডাল চিনির দাম বেড়েছে। আমাদের ভোজ্যতেলের চাহিদা রয়েছে প্রতি বছর ৩৫ থেকে ৪০ লাখ টন, যার ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ১০ শতাংশ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে।

ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, অনেক অসৎ ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেন। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ভোজ্যতেল, ডাল ও চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুরে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগে নিয়েছি। অলাভ জনকভাবে পরিচালিত হবে রংপুর অপু মুনশি বেসরকারি ক্যান্সার হাসপাতাল। অগ্রাধিকার পাবেন নারীরা। তবে সব স্তরের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ক্যান্সারের চিকিৎসা পায় সেজন্য ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারিয়ান ক্লাব উত্তরার জুলহাস আলম, জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি (অপরাধ) মারুফ আহম্মেদ।