ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাড়িউড়া নামক স্থানে ট্রাকের পেছনে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুলাল ভূঁইয়া (৫৫) জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের আরোহী দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০) আহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সরাইলের বাড়িউড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রীদের মধ্যে দুলাল ভূঁইয়া মারা যান এবং অন্যান্যরা আহত হন। পরে তাদের উদ্ধার করে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে জেলা সদরের সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের কোড্ডা এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে চারজন আহত হয়। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়।