বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২২ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রথমবারের মতো ফটো কনটেস্টের আয়োজন করেছে দৃক পিকচার লাইব্রেরি। 

গত বছরের বাছাইকৃত ছবিগুলোর মধ্য থেকে দ্যা ডেইলি স্টার-এর সিনিয়র ফটোসাংবাদিক এমরান হোসেনের ছবি পিকচার অফ দ্যা ইয়ার হিসেবে পুরস্কার পেয়েছে। পলিটিক্স ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জাকিরুল মাজেদ, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমে বিজয়ী হয়েছেন দৈনিক মানবজমিন-এর জীবন আহমেদ, আর্টস কালচার ও স্পোর্টস থেকে বিজয়ী হয়েছেন নিউএইজ-এর ফটোসাংবাদিক সৌরভ লস্কর।

প্রদর্শনীতে ছবি দেখছেন এক দর্শনার্থী। ছবি: আব্দুল গনি

শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, জুরিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক, ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ ও ঢাকা ট্রিবিউন-এর চিফ ফটোজার্নালিস্ট সৈয়দ জাকির হোসেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতিআরা নাসরীন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন কিউরেটর তানজীম ওয়াহাব ও ওয়ার্ল্ড প্রেস ফটো-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জুমানা এল জেইন খৌরী।

বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট সেই সকল সাহসী নারী ও পুরুষের কীর্তিগাঁথাকে উদযাপন করে, যারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করেন।