জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে শুক্রবার ভোরে বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় তাদেরকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে স্বামী ও দুই পুত্রবধূ। নিহতরা হলেন আশুরা খাতুন ও ওমর আলী(২৮)। জীবননগর শহরের মহানগর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আশুরা খাতুনের বড় ছেলে আব্দুল কাদের বলেন, তার স্ত্রী রুবিনা খাতুন ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হচ্ছিলেন। এ সময় বারান্দায় কাপড় শুকানোর জন্য টাঙিয়ে রাখা জিআই তার ধরে উঠানে নামার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়ে যান। তখন কাদেরের চিত্কারে তার বাবা সমীর আলী মোল্লা, মা আশুরা খাতুন, ছোট ভাই মাছ ব্যবসায়ী ওমর আলী ও তার স্ত্রী কাকলী খাতুন ঘুম থেকে জেগে উঠে তাদেরকে উদ্ধার করতে ছুটে আসেন। উদ্ধার করতে এসে তারাও বিদ্যুত্স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।
জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট পৌর ওয়ার্ড কাউন্সিলর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।