এক দিন পরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি। দিবসটিকে সামনে রেখে বান্দরবানের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ম্রো জনগোষ্ঠীর ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই প্রকাশিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে বান্দরবান শহরের উজানীপাড়ায় লেখকের বাসভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ততোং নামের ব্যাকরণ বইটি লিখেছেন ম্রো ভাষার লেখক ক্রামাধর্মের প্রধান পুরোহিত ইয়াংঙান ম্রো।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ম্রো গানের শিল্পী ঙানসিং ম্রো, নারী অধিকার কর্মী তনপাউ ম্রো ও ম্রো ভাষার বিশেষজ্ঞ রেংয়ং ম্রো। বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের অনুকরণে ততোং বইটি লেখা হয়েছে।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, ১৯৮২ সালে ম্রো ভাষার বর্ণমালা উদ্ভাবনের পর এ যাবত কোনো ব্যাকরণ রচনা করা হয়নি। ব্যাকরণ না থাকায় বিভিন্ন জন বিভিন্নভাবে শব্দ প্রয়োগ করেন। এতে অনেক সময় এক জনের লেখা আরেক জনের পক্ষে বোঝা বেশ কঠিন হয়ে পড়ে। তাই ইয়াংঙান ম্রো ব্যাকরণ রচনায় সচেষ্ট হন। ৮২ পৃষ্ঠার এই বইতে ম্রো ভাষার বিভিন্ন ক্রিয়া, বচন, লিঙ্গ, বিপরীত শব্দসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।