স্টাফ রিপোর্টার, বগুড়া
আবহাওয়া অনুকূলে থাকায় এবার বগুড়া জেলায় কৃষকেরা বোরো ধানের ভালো ফলনের আশা করছে। কিন্তু পূর্ব বগুড়ার দুটি উপজেলায় ধানে রোগ দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত ও দিশেহারা।
গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের নতুর পাড়া গ্রামের প্রবাল রায়, নারায়ণ চন্দ্র রায় জানান, তাদের গ্রামে মাঠের পর মাঠ ধান গাছ চিটায় পরিণত হয়েছে। সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের প্রবাসী সোনা মিয়ার স্ত্রী রাজিয়া বেগম স্বামীর অনুপস্থিতিতে নিজেই পাঁচ বিঘা জমিতে বিআর-২৮ ধান চাষ করেছেন। পুরো জমির ধান চিটায় পরিণত হওয়ায় আগাম ধান কেটে ঘরে তুলছেন। সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মেদ জানান, গত ২-৩ বছর ধরে বিআর-২৮ ধানে নেক ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় এবার কৃষকদের এই ধান চাষে নিরুত্সাহিত করা হয়েছিল। এছাড়াও ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় কৃষকদের করণীয় সম্পর্কে মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ করা হয়েছে।