সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুর রহমান বলেন, বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। অন্ধকারের পথ ধরে আর ক্ষমতায় আরোহণ করা সম্ভব নয়।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ঘরে বসে বিএনপি আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে আর বারবার সরকার গঠন করে। বিএনপি জামায়াতের কোন রাজনীতি নেই দাবী করে মন্ত্রী বলেন, করোনা মহামারিতে তারা ছিল ঘরের মধ্যে ও জীবন বাঁচাতে। আওয়ামী লীগ সরকার তথা নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি জনগণের সাথে নেই। খালেদা জিয়ার জীবন মরণ ও বাঁচার জন্য রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন।
পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এদিকে পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু উপস্থিত ছিলেন।