ঝিনাইদহের মাঠে মাঠে সাদা বকের মেলা

ঝিনাইদহ জেলায় বকের সংখ্যা দিন দিন বাড়ছে। এক সময় অতি শিকারের কারণে বকের সংখ্যা একেবারে কমে যায়। মাঠে মাঠে শ্বেতশুভ্র বকের ঝাঁকের উড়াল মনোরম পরিবেশের সৃষ্টি করে। এখন মাঠে মাঠে চলছে বোরো লাগানোর ধুম। জমিতে সেচ দেওয়া হয়েছে। কাদাপানিতে ঝাঁক ধরে বসে ছোট মাছ খাচ্ছে এসব বক। দৃশ্যটি মানুষকে আকর্ষণ করছে।

তবে একটু শব্দ করলে অথবা বিপদ বুঝলে ওড়াউড়ি শুরু করে দেয়। সারা দিন মাঠে মাঠে চড়ে বেড়ানোর পর সন্ধ্যায় নীড়ে ফেরে। বাঁশঝাড় বা বড় গাছে বক বাসা বাঁধে। তবে সাধারণ মানুষের মধ্যে বকের প্রতি মমতা বেড়েছে। তারা শিকারিদের বাধা দেয়।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, বকের সংখ্যা বৃদ্ধি ইতিবাচাক। মানুষ বন্যপ্রাণীদের রক্ষা করছে। এখন তারা মারতে বাধা দেয়। এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে মিডিয়া বড় ভূমিকা রেখে আসছে।