চট্টগ্রামে বাংলাদেশ দল, সঙ্গে যাননি সাকিব-মুস্তাফিজ

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই লক্ষ্যে আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছেছে।

তবে দলের সঙ্গে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। করোনা থেকে সুস্থ না হওয়ায় যাননি ব্যাটিং কোচ জেমি সিডন্সও। করোনা নেগেটিভ রিপোর্ট আসলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আর সাকিব-মুস্তাফিজের আগামীকাল সোমবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি উভয় দলের মধ্যকার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২৫ ও ২৮ ফেব্রুয়ারি শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সেখান থেকে দুই দল ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।