কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে বেশ দাপটের সঙ্গে হারিয়েছে পিএসজি। পুরো ম্যাচে স্প্যানিশ জয়ান্টদের কোনো সুযোগই দেয়নি তারা। সেই পিএসজি কি না এবার লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে বসেছে। একাদশে মেসি, নেইমার ও এমবাপ্পে থাকার পরও!
তর্কসাপেক্ষে বর্তমান বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ এটি। তবু, নঁতের রক্ষণ ভাঙতে পারেননি তারা। কেবল ৪৭ মিনিটের সময় মেসির বাড়িয়ে দেওয়া বলে একমাত্র গোলটি করেন নেইমার। কিন্তু এর ১২ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একটি পেনাল্টিও মিস করেন। সেটি গোল হলে হয়তো ফল অন্যরকমও হতে পারতো।
অবশ্য, প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ৪ মিনিটের সময়ই নঁতেকে এগিয়ে দেন দলের ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানি। সেই ধাক্কা সামলে উঠার আগেই পিএসজির জালে ১৭ মিনিটে নঁতের হয়ে দ্বিতীয় গোলটা ঢুকান ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টিতে তৃতীয় গোলটি করেন লুদোভিচ ব্লাসে।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। গোল করার একাধিক সুযোগ পেয়েছিলেন মেসি-নেইমার-এমবাপ্পে তিনজনই। কিন্তু তাদের সামনে এদিন যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ায় নঁতের গোলরক্ষক আলবাঁ লাফঁত।
এই পরাজয়ের মধ্য দিয়ে লিগ ওয়ানে পিএসজির টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা থামলো। হারলেও ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর ২৪ ম্যাচে পয়েন্ট ৪৬।