বাংলাদেশ ক্রিমিনোলজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাইবার ক্রাইমের ওপর ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি ভৌগলিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অপরাধের ধরন দ্রুত পরিবর্তনসহ সাইবার ক্রাইম প্রতিরোধের অন্যান্য চ্যালেঞ্জগুলো তুলে ধরে সেই চ্যালেঞ্জ প্রতিরোধে র্যাবের গৃহীত পদক্ষেপ সমূহ এবং সাইবার ক্রাইম মোকাবিলায় র্যাবের স্যাফল্যের কথা বিশদভাবে তুলে ধরেন।
তিনি সাইবার ক্রাইমকে একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে সমাজের সব স্তরের মানুষকে এই সমস্যা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার চৌধুরী। তিনি বলেন, সাইবার ক্রাইম প্রতিরোধ করা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
ওয়েবিনারে উপপুলিশ কমিশনার মিশুক চাকমা-বিপিএম (সেবা) ‘ক্রাইম ইন ডিজিটাল প্লাটফর্ম: বাংলাদেশ পুলিশ পাসপেকটিভ’ শীর্ষক শিরোনামে মুল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার প্রবন্ধে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করত সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইমের প্রকারভেদ, সাইবার ক্রাইম মোকাবিলায় করণীয় প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ওয়েবিনারে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এমডিএস (একাডেমিক অ্যান্ড রিসার্চ) মো. গোলাম রসুল।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. আজিজ রহমান ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের রিসার্চ সেলের আহ্বায়ক মনিরা নাজমী জাহান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোহাম্মদ বিন কাশেম।