হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো শ্রীলঙ্কা

আগের চারটি ম্যাচেই পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে নূন্যতম লড়াই পর্যন্ত করতে পারছিল না। এমন অবস্থায় শঙ্কা জেগেছিল হোয়াইটওয়াশ হওয়ার। তবে সেটি আর হয়নি। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অজিদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) মেলবোর্নে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। জবাবে ১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুশাল মেন্ডিস। এছাড়া অধিনায়ক দাসুন শানাকা ৩৫, আসালাঙ্কা ২০ ও পাথুম নিসাঙ্কা ১৩ রান করেন। অজি বোলারদের মধ্যে কেন রিচার্ডসন ২টি ও অ্যাশটন অ্যাগার একটি উইকেট নেন। বাকি দুটি রানআউট।

এর আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু অয়েড অপরাজিত ৪৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৯, জস ইংলিশ ২৩, ডানিয়েল সামস ১৮ ও মার্কাস স্টয়নিস ১৭ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ২টি, দুষ্মেন্ত চামিরা ২টি, চামিকা করুণারাত্নে ১টি ও জয়াউইকরামা একটি উইকেট শিকার করেন।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কুশাল মেন্ডিস ও সিরিজ সেরা হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।