সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আরিয়ার মোড় এলাকায় অবস্থিত এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০/১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক ঝুট ব্যবসায়ী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশুলিয়ার আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং কারখানা থেকে সকালে ঝুটের মালামাল বের করছিলেন ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ঝুট ব্যবসায়ী যুবলীগ নেতা কাইয়ুম ও তার কর্মচারীরা। এসময় স্থানীয় অপর ঝুট ব্যবসায়ী আমিন মাদবরের নেতৃত্বে সবুজ, রাজু, আরাফাত ও সিজানসহ ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঝুট নেয়ায় বাধা দেয়। এসময় উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এসময় মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ দিকবেদিক প্রাণ ভয়ে ছুটতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঝুট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বলেন, গত ৪ বছর ধরে ওই প্রতিষ্ঠানের সাথে তিনি ঝুটের ব্যবসা করছেন। তার ব্যবসা দখল করতে বিভিন্ন সময় ঝুটের মালামাল পরিবহনে বাধা দিয়ে আসছিল একটি চক্র। রবিবার সকালে কারখানা থেকে ঝুটের মালামাল বের করার সময় তিনিসহ তার লোকজনের উপর হঠাৎ হামলা করে আমিন মাদবর, সবুজ, রাজু, আরাফাতসহ সন্ত্রাসীরা। তবে তার এ বক্তব্য অস্বীকার করেছে প্রতিপক্ষ গ্রুপের ঝুট ব্যবসায়ী আমিন মাদবর।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।