ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী পাসপোর্ট না পাওয়ার কারণে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বাংলাদেশিদের অনেকে ইউরোপে প্রবেশকালে নাম, ঠিকানা, জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে থাকে। ফলে তারা পাসপোর্টে এসব বিষয় পরিবর্তন করতে পারছেন না।
সরকার আগামী ২৮ এপ্রিলের পর আর কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করবে না বলে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসানের বরাত দিয়ে জানানো হয়েছে। এ অবস্থায় এসব বাংলাদেশিকে মানবিক দৃষ্টিতে পাসপোর্ট পরিবর্তনের সুযোগদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাওন আহমেদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আলম প্রধান, ইতালির কমিউনিটির নেতা নজরুল ইসলাম।
লিখিত বক্তব্যে শাওন আহমেদ জানান, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে বহু টাকার বিনিময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাংলাদেশিরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে।
২০২০ সালে ইতালিতে মোট অবৈধ শরণার্থী প্রবেশ করেছে ৪ হাজার ৮০ জন, যার মধ্যে বাংলাদেশি ৯০৪ জন। এছাড়া ২০২১ সালে গেছেন ৭ হাজার ৮২৪ জন বাংলাদেশি। এ সকল অভিবাসন প্রত্যাশীকে রাখা হয় শেল্টার হোমে। জরুরি ভিত্তিতে তাদের পাসপোর্ট দরকার। এজন্য তারা পাসপোর্ট প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।