ছিনতাইকারীদের পরনের পোশাকে রক্তের দাগ দেখে পুলিশ তাদেরকে শনাক্ত করে। ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাদেরকে দয়াগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সজীব (২০) ও শাকিল (২০)।
রবিবার (২০ ডিসেম্বর) ভোর পৌণে ৫টার দিকে দয়াগঞ্জে রিকশা যাত্রী মোশারফ হোসেন (৫৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন।
ঘটনার বর্ণনা দিয়ে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রবিবার ভোর পৌণে ৫ টার দিকে দয়াগঞ্জ মোড়ে রাস্তার উপর ২/৩ জন ছিনতাইকারী একটি রিকশার গতিরোধ করে। তারা রিকশাযাত্রী মোশারফ হোসেনকে ধারালো ছুরি দেখিয়ে ভিকটিমের কাছে থাকা নগদ টাকা দিয়ে দিতে বলে। তখন ভিকটিম ছিনতাইকারীদের টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা উত্তেজিত হয়ে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের বুকের বাম পাশে এবং বাম হাতের কবজিতে আঘাত করে। এতে ভিকটিম গুরুতর আহত হন। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর রিকশাচালকের কাছে ভিকটিম তার বাসার ঠিকানা বলেন। গেন্ডারিয়ার ৪৯ নম্বর দ্বীননাথ সেন রোডে শাহজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোশারফ হোসেন। রিকশাচালক ভিকটিমকে বাসায় নিয়ে গেলে ভিকটিমের অন্যান্য আত্বীয়-স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ভিকটিমকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডের সজীব (২০) ও শাকিল (২০) কে গ্রেফতার করে।
ছিনতাই করার সময় ছিনতাইকারীরা যে পোশাক পরিহিত ছিল, তাতে ভিকটিমের রক্তমাখা দাগ পাওয়া যায়। ছিনতাইকালে ব্যবহৃত ২টি ছুরি উদ্ধার করা হয়।