সুবর্ণচরে মাছের অভয়াশ্রম দখল করে খামার!

থানায় মামলা

 নোয়াখালী প্রতিনিধি

জেলার সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমানায় অবস্থিত স্টিমারঘাট এলাকায় মরে যাওয়া মেঘনা নদীতে দেশীয় মাছের অভয়াশ্রম দখল করে মাছের খামার গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ওয়াদুদ জানান, নদী দখল করার ঘটনা জানতে পেরে বুধবার ঘটনাস্থলে যাই। তার আগে অভিযুক্ত মানিক এলাকা থেকে পালিয়ে যান। তাকে খুঁজে না পেয়ে  তিনি মাছের খামার পাহারার ঘর ভেঙে, নদী থেকে মাটি উত্তোলনের মেশিন ধ্বংস করে ও খননকৃত পুকুরের বাঁধ কেটে দেন। পরে তার লোকজনের মাধ্যমে মোবাইল করে তাকে আগামী তিন দিনের মধ্যে নদী থেকে সব অবৈধ স্থাপনা সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই রাতে মানিকের বিরুদ্ধে চরবাটা ইউনিয়নের তহসিলদার মো. জয়নাল আবেদীন বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা করেছেন।

এ বিষয়ে জেলা মত্স্য কর্মকর্তা ড. মোতালেব হোসেন জানান, হাতিয়া ও সুবর্ণচরের সীমানায় মেঘনা নদীতে মত্স্য বিভাগের পক্ষ থেকে ২০১৬-১৭ অর্থবছরে দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে তোলার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য সে স্থানে মত্স্য বিভাগের একটি সাইনবোর্ড লাগানো হয়েছে।