শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলভিত্তিক ইভেন্ট “রঙিন স্বপ্ন, আলোকিত বাংলাদেশ-২” প্রজেক্টের অধীনে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। এর আগে শিশু পরিবারের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আলোচনাসভা ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের এ.এস.আই নোয়াব আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ প্রমুখ —ইত্তেফাক