জাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এক জরুরি সভায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। তবে সকলকে স্বাস্থবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এর আগে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।