উখিয়ায় পাহাড় কাটা মাটি ভর্তি ৪টি ডাম্পার গাড়ি জব্দ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়া ভূমি প্রশাসন বালুখালী ও পালংখালী থেকে পাহাড় কাটা মাটি ভর্তি ৪টি ডাম্পার গাড়ি জব্দ করেছে। থাইংখালী খালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি মেশিন আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। সহকারী কমিশনার ভূমি মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থাইংখালী তাজনীমারখোলা এলাকায় অভিযান চালানোর আগেই বালু উত্তোলনকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। বালু উত্তোলনের মেশিনগুলো জব্দ করে অফিসে নিয়ে আসার মতো কোনো সাহায্যকারী পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে বালু উত্তোলনের মেশিনগুলো ডিজেল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

উখিয়া ভূমি অফিসের সহকারী মো. কামরুজ্জামান জানান, পালংখালীতে ১টি ও থাইংখালীতে ১টি বালুমহল ইজারা দেওয়া হয়েছে। তবে এসব বালুমহাল ইজারাদারদের বুঝিয়ে দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসন থেকে কোনো দিক নির্দেশনা আসেনি। অথচ দুর্বৃত্তরা বালুমহাল ইজারার নাম ভাঙিয়ে পাহাড় কেটে মাটি পাচার করছে নির্বিচারে।

এ প্রসঙ্গে উখিয়া বন রেঞ্চ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বালুমহাল ইজারা নিয়ে তারা পাহাড় কাটছে। তিনি বলেন, এ নিয়ে বুধবার উপজেলা সমন্বয় সভায় ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি বলেন, উখিয়া বনবিভাগের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে পালংখালী ইউনিয়নের তেলখোলা মোছার খোলাসহ আরও বেশ কয়েকটি স্থানে লাল পতাকা টাঙানো হবে, যাতে ভূমিখেকোচক্র পাহাড় কেটে মাটি পাচার করতে না পারে। এরপরও যদি পাহাড় কাটা অব্যহত থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।