কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ দূতাবাসের অস্হায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ১৯৫২ সালে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান, এনডিসি, পিএসসি ও দূতাবাস কর্মকর্তাগণ। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর এক আলোচনা সভায়  বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ ও সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান।

অনুষ্ঠানে দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্রপ্রদর্শন করা হয়। এ সময় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ছাড়াও কুয়েত প্রেস ক্লাবের সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।