দীর্ঘ ৪ যুগ ধরে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতোদিন ধরে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের প্রাণের ছিল দাবি স্কুল প্রাঙ্গণে একটি স্থায়ী শহিদ মিনার। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এলো মেট্রোসেম গ্রুপ।
প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুন নূর এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) স্কুলপ্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহীদ মিনার নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুছ ছামাদ, ৫নং হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার রহমান ভূঁইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপালী রানী, ২নং ওয়ার্ডের মেম্বার নাহির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মেট্রোসেম গ্রুপের ব্র্যান্ড হেড হুমায়ন মোর্শেদ খান। তিনি বলেন, 'ভাষার ভালোবাসায় চেতনার নির্মাণে, শহীদ মিনার হোক সকল শিক্ষা প্রাঙ্গণে' এই স্লোগানটি সারাদেশে ছড়িয়ে দিতে চায় মেট্রোসেম গ্রুপ, যাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ স্থায়ী শহীদ মিনার নির্মাণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে। মেট্রোসেম গ্রুপ দেশ ও জাতির কল্যাণে এবং আগামীর প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে এমন উদ্যোগে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ ।