যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে ইউপি সদস্য নিহত, আহত ৬

যশোরের চৌগাছা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঠান্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।

সোমবার ( ২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেইটে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

সংঘর্ষে আহতরা হলেন, সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), অসীম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) ও আব্দুল হামিদ (৪৫)।

এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসীম ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিদ্দিকুর রহমান ও মোমিনুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে একটি সূত্র জানায়।

আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে রবিবার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে আর এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল।

সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য ঠান্ডু বাজারের স্কুল গেইটে একটি চা দোকানে চা পান করছিলেন। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি বেধে যায়। মারামারির সময় ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। যশোর হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ। ঠান্ডুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, স্থানীয় মর্জাদ বাওড়কে কেন্দ্র করে পাতিবিলার ঠান্ডু বিশ্বাস নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।