পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইউক্রেন: পুতিন 

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে বিরাজ করছে টান টান উত্তেজনা। পশ্চিমা বিশ্বের শঙ্কা, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এমন পরিস্থিতিতে রুশ টেলিভিশনে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভাষণ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেন নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। তিনি ইউক্রেনের এমন পদক্ষেপকে মস্কোর জন্য অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। 

টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন দাবি করেছেন, ইউক্রেন সোভিয়েত প্রযুক্তি ব্যবহার করে এটি অর্জন করতে চেয়েছিল। 

এছাড়া এদিন পুতিন ইউক্রেন নেতাদের একহাত নেন। পুতিন বলেন, 'ইউক্রেনের কর্তৃপক্ষ জাতীয়তাবাদ ও দুর্নীতির ভাইরাসে আক্রান্ত।' রুশ এই প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের প্রকৃত রাষ্ট্রের ঐতিহ্য নেই।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার ভাষণে ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। এ সময় পুতিন বলেন, আধুনিক ইউক্রেন রাশিয়ার তৈরি। 

এছাড়া ভাষণে সাবেক কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেলিনের সমালোচনা করেন। তিনি লেলিনকে ইউক্রেনের 'লেখক ও স্থপতি' বলে উল্লেখ করেছেন। পুতিন বলেন, লেলিন রাশিয়ার অসুবিধা করেছেন। তথ্যসূত্র: বিবিসি।