সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা। কিন্তু গত ৯ মাসের লক্ষ্যমাত্রা অনুযায়ী এখনো ৩৬ কোটি ৩৯ লাখ টাকা ঘাটতি রয়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৯ মাসে এ বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০৩ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬৪ কোটি ৮৬ লাখ, আগস্টে ৮৪ কোটি ৮৭ লাখ, সেপ্টেম্বরে ৫৮ কোটি ৬১ লাখ টাকা, অক্টোবর মাসে ৮০ কোটি ৬২, নভেম্বরে ১১১ কোটি পাঁচ লাখ, ডিসেম্বরে ১১৭ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ১১৬ কোটি ৭৬ লাখ, ফেব্রুয়ারিতে ১৩৭ কোটি ৫৮ লাখ এবং মার্চে ১৩২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে গত ৯ মাসে এ বন্দর থেকে রাজস্ব আদায় করেছে ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা।
ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমস বিভাগীয় সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, গত ৯ মাসের লক্ষ্য অনুযায়ী এখনো ৩৬ কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি রয়েছে। তেমন কোনো প্রতিবন্ধকতা দেখা না দিলে আশা করা হচ্ছে বাকি তিন মাসে অর্থবছরের লক্ষ্য অর্জিত হবে।