যে কারণে ক্যাফেটেরিয়ায় আগুন

রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে আল বারাকা নামে ক্যাফেটেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেন। চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরাতন খালি গ্যাস সিলিন্ডারটি লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিলেন তারা। পুরাতন সিলিন্ডারটির মুখ খুলে সেটির ভেতর থাকা বাকি গ্যাসটুকু বের করে দিচ্ছিলো তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা জ্বলন্ত চুলার আগুনের সংস্পর্শে জ্বলে উঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হন।
 
তিনি আরও জানান, ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) ও বাবুর্চি সবুজ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, কলাবাগান থেকে দগ্ধ ৪ কিশোরকে নিয়ে আসা হয়েছে। তাদের সবার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।