চাঁদপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়নপুর বাজারের অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ লাশ উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে প্রায় ২০ বছর যাবৎ স্বর্ণের ব্যবসা করে আসছেন। ঘটনার দিন রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানের কর্মচারী অনিককে সাথে নিয়ে ব্যবসায়িক কাজে মতলব সদর বাজারে যায়। সেখান থেকে মতলব পৌরসভার কলাদী এলাকায় তার বড় বোন মাধবীর বাড়িতে যান। বোনের বাড়ি থেকে রাত ১১টার সময় কর্মচারীকে সাথে নিয়ে নারায়ণপুরে চলে আসেন। এরপর আর বাড়ি ফিরেননি অমর। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে কর্মচারী অনিক ঘরের দরজায় ধাক্কাধাক্কি করে পরিবারের লোকজনকে জানান অমর সরকারকে খুন করা হয়েছে। ডাক চিৎকারে অমর হত্যার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া  নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর একে একে এএসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর কবির আহমেদ, সিআইডির ইন্সপেক্টর কাজী নুরুউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। খুনিরা নিহত ব্যক্তিকে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দোকান কর্মচারী অনিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ, সিআইডি ও পিবিআই’র পক্ষ থেকে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।