সড়ক দুর্ঘটনায় ছেলের আহতের সংবাদ পেয়ে মা সেফালী বেগম (৬০) হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের ফজলুর রহমান ঝান্নুর স্ত্রী ও দুর্ঘটনায় আহত সুমনের মা। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে খড়কপুর নামক স্থানে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সুমনসহ ৪জন আহত হন। এ সময় সুমনের আহতের সংবাদ পেয়ে তার মা সেফালী বেগম নিজ বাড়িতে মারা যান।
আহত সুমন বলেন, সোনামসজিদ থেকে মাটিবোঝাই ট্রাক্টর নিয়ে কয়লার দিয়াড়ের একটি ভাটার দিকে যাচ্ছিলাম। এ সময় ধোপপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমি (ট্রাক্টর চালক) ও দুইজন হেলপারসহ ৪ জন আহত হই। অন্যান্য আহতরা হলো-কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের ইসরাইলের ছেলে মতিন (৩০), সজিব (১৬) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আমার আহতের খবর শুনে আমার মা সেফালি বেগম হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।
শিবগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টর চালক সুমনসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনার খবর শুনে সুমনের মায়ের মৃত্যু হয়েছে।