আফগান স্পিনারদের ভয় পাচ্ছে না বাংলাদেশ

২০১৪ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে সময় ৩২ রানে হেরে বসে টাইগাররা। তাই আবার যখন তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, তখন ঘুরেফিরে ‘আফগান ভয়’ আসছে আলোচনায়।

বিশেষ করে তিন আফগান স্পিনার রশিদ খান, মুজিব-উর-রহমান ও মোহাম্মদ নবিকে সামলাতে যে হিমশিম খেতে হয় টাইগারদের, সে কথা তো কারো অজানা নয়। তবে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কিন্তু মনে করেন, তিন আফগান স্পিনারকে যতটা ভীতিকর হিসেবে তুলে ধরা হয়, তারা আসলে ততটা নন। তাই তাদের ভালোভাবে সামলানোর বার্তাই দিলেন তামিম। সেই সঙ্গে জানালেন, রশিদ-মুজিব-নবিদের নিয়ে ভেবে ঘুম হারাম করার কোনো পরিকল্পনা নেই তাদের।

আজ (২৩ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আফগান স্পিনত্রয়ী নিয়ে তামিম বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি কথাবার্তা বলতে চাই না। যেটি বললাম, ওদের বোলিং অনেক ভালো। সম্ভবত সেরা স্পিন আক্রমণ ওদেরই। কিন্তু ওদের বিপক্ষেই আমরা অতীতে অনেক ভালো করেছি। বিশেষ করে ওয়ানডে সংস্করণেই। তাহলে আবার কেন পারবো না? আমি মনে করি, প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের বরং নিজেদের পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত।’

তামিম আরও বলেন, আমরা তিন বোলার নিয়ে কথা বলছি। কিন্তু তাদের ৫০ ওভার বল করতে হবে। ওদের অন্য বোলাররাও ভালো। শুধু তিন স্পিনারকে নিয়ে ভেবে লাভ নেই। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলেই কোয়ালিটি বোলারদের মোকাবিলা করতে হয়।

তামিমের মতে, ওয়ানডে ফরম্যাটের ছন্দে ফেরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ প্রায় সাত মাস পর ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামতে যাচ্ছে টাইগাররা। তিনি বলেন, আমরা দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে যাচ্ছি, সবাই বেশ উত্তেজিত। এটা আমাদের সবচেয়ে প্রিয় ফরম্যাটগুলোর একটি। সেখানে আমাদের ভালো করতে হবে। আমরা ওয়ানডেতে তাদের (আফগানদের) বিপক্ষে ভালো খেলেছি। দলের সবাই খেলার মধ্যেই আছে এবং তাদের মানসিক স্থিতি বেশ ভালো।