ম্যাচ শেষ হতে ১৩ মিনিট বাকি। বসুন্ধরা কিংসের বিপক্ষে রহমতগঞ্জ ২-২ গোলে খেলা চলছে। বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের মাঠে ম্যাচ বাঁচাতে মরিয়া হয়ে লড়াই করছে কিংস। ৭৬ মিনিটে ইয়াসিন আরাফাতের গোল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে বাঁচিয়ে দেয়। ৩-২ গোলে রহমতগঞ্জকে হারিয়ে বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে।
৫ খেলায় ১২ পয়েন্ট। প্রথম খেলায় স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হেরেছিল লিগ চ্যাম্পিয়নরা। ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ গতকাল (২২ ফেব্রুয়ারি) কিংসের গলা চেপেই ধরেছিল। আবাহনী ছেড়ে আসা নাইজেরিয়ান সানডে ২৪ মিনিটে গোল করে রহমগঞ্জকে এগিয়ে দেয় ১-০। ৩২ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান রবসনের গোলে সমতা আনে ১-১।
৪৪ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় কিংস ২-১। এক মিনিট ব্যবধানে পাল্টা আক্রমণে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সানডে গোল করেন, ২-২। বিরতির পর দুই দলের লড়াই জমে উঠে। ভাগ্যক্রমে ৭৬ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে বেঁচে যায় বসুন্ধরা কিংস ৩-২। ৫ খেলায় রহমতগঞ্জের ড্র একটি, পয়েন্টও এক।