ভাচু‌র্য়াল কর্মসূচি বাতিল করলেন ব্রিটিশ রানি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত। এখনো তার শরীরে কোভিডের মৃদু উপসর্গ রয়েছে। এজন্য তিনি পূর্বপরিকল্পিত একটি ভাচু‌র্য়াল কর্মসূচি বাতিল করেছেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও সিএনএন।

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভাচু‌র্য়াল অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। বাকিংহাম প্রাসাদের বরাত দিয়ে সিএনএনের এক খবরে বলা হয়েছে, এখনো করোনার হালকা লক্ষণে ভুগছেন রানি। তাই তিনি ভাচু‌র্য়াল কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না। তবে হালকা দায়িত্ব অব্যাহতভাবে পালন করে যাবেন।

রাজপ্রাসাদের একটি ঘনিষ্ঠ সূত্র সিএনএনকে বলেছে, আগামী সপ্তাহে রানির অন্য যেসব কর্মসূচি আছে, সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত রবিবার রাজপ্রাসাদ থেকে ঘোষণা দেওয়া হয় যে, ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় সংক্রমিত হয়েছেন।