হাবিপ্রবিতে ছাত্রীদের জন্য চালু হলো বিশেষ বাস সার্ভিস

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মেয়েদের জন্য বিশেষ বাস গুলো বিশ্ববিদ্যালয় থেকে শহরের বিভিন্ন স্থানে চলাচল শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছে হাবিপ্রবির পরিবহন এবং মেরামত রক্ষণাবেক্ষণ বিভাগ। বিশেষ বাস সার্ভিস চালু হওয়ায় খুশি হাবিপ্রবির ছাত্রীরা।

অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী রুবা আক্তার বলেন, আমরা গাদাগাদি করে বাসে উঠতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। এমন সুন্দর একটি উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, 'ছাত্রীদের জন্য পৃথক বাস ট্রিপ নিয়মিত ভাবে চালু করতে পেরে আমরা আনন্দিত। মাননীয় উপাচার্যের এর নির্দেশনা মোতাবেক আমরা এই উদ্যোগ গ্রহণ করি। ছাত্রীদের ট্রিপ এর প্রয়োজনীয়তা এবং কার্যকরী সূচি নির্ধারন করার জন্য হাবিপ্রবি স্কাউট এর সহযোগিতায় একটি জরিপ করে তথ্য সংগ্রহ করি। এছাড়াও কয়েক জন শিক্ষার্থী সরাসরি তথ্য দিয়ে সহযোগিতা করেছে। তাদের সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।'