সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে আমিরাতের স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এ সময় উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ডেপুটি কনসাল জেনারেল মোঃ সাহেদুল ইসলাম ও কনস্যুলেটের কর্মকর্তা।
এদিকে একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোমবার ছুটি ঘোষণা করা হয়। তবে ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলে।
‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভেলিয়নে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে- দুবাই বাংলাদেশ কনস্যুলেট,বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই, আমিরাতে কর্মরত প্রবাসী সংবাদকর্মী, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ ও নাসিরিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আজমান, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশন, বিজনেস ফোরাম আজমান, আজমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখা, আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমিরাত প্রজন্মলীগ, রাস-আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ, বাংলাদেশী লেডিস ক্লাব ইউএই, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, শিল্পী সমিতি, হাটহাজারী সমিতি ইউএই-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।