ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের নামে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ চালুসহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— অনতিবিলম্বে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানে কার্যকরী উদ্যোগ নিতে হবে, বিশ্ববিদ্যালয়ের নামে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ তৈরি, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলতে শিক্ষার্থীবান্ধব (নামমাত্র) প্রত্যয়নপত্র ফি নির্ধারণ, ক্যাম্পাসে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো নিষিদ্ধ করা, ক্যাম্পাসের অভ্যন্তরে সকল যানবাহনে সর্বোচ্চ গতিসীমা ১৫ কিমি/ঘন্টা নির্ধারণ, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ সীমিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উভয় পাশে স্পীডব্রেকার স্থাপন করা।
এছাড়া, ক্যাম্পাসে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহকারীদের তদন্তপূর্বক শাস্তির আওতায় আনা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরী ভূমিকা গ্রহণ, ক্যাম্পাসে নির্মাণাধীন অবকাঠামো সমূহে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো দেখেছি। অতি দ্রুত এসব দাবির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কথা বলে নির্দেশনা দেওয়া হবে।