২০১৬ সালে আর্ন্তজাতিক ক্রিকেট ছাড়ার পরও চুটিয়ে সারা বিশ্বে ফ্রাঞ্চাজি লিগ খেলছেন। নিজের দেশে বিগ ব্যাশ টুর্নামেন্টে সিডনি থান্ডার্সে অধিনায়কত্বও করেছেন; কিন্তু ৩৭ বছর বয়সী অলরাউন্ডার শেন ওয়াটসন জানিয়েছেন, তিনি আর বিগ ব্যাশে খেলবেন না। পরিবারকে গ্রীষ্মের ছুটিতে আরো বেশি সময় দিতে এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন ওয়াটসন। বিগ ব্যাশ ক্যারিয়ারে ৪২টি ম্যাচে ১০৫৮ রান করেছেন এই অলরাউন্ডার। পাশাপাশি নিয়েছেন ২০টি উইকেট। বিগ ব্যাশে না খেললেও সারা বিশ্বে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলবেন সাবেক এই অস্ট্রেলীয় তারকা। সিডনি থান্ডার্সের এই তারকার বিদায়ে তার ভূয়সী প্রশংসা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি বলেছেন, স্টিভ ওয়াহর পর থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান অলরাউন্ডার ছিলেন ওয়াটসন।