রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ফয়সাল আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
গতকাল মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদে শাহআলী থানার গোড়ান চটবাড়ির একটি বাসার সামনে অভিযান চালিয়ে ফয়সালকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ফয়সাল ছিনতাইকারী বাবু বাহিনীর প্রধান সহযোগী হিসেবে কাজ করে ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মালামাল ছিনিয়ে নেয়। তার বিরুদ্ধে শাহআলী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।