সিদ্ধিরগঞ্জে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ আটক

সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ধারী এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১। 

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় তাকে আটক করা হয়। তার নাম মো. রুবেল হোসেন। রুবেল ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গোয়ালের টিলা এলাকার মো. ইউনুস শেখের ছেলে। 

এ সময় তার কাছ থেকে চিকিৎসক পরিচয়সংবলিত সিল, ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনসহ বিভিন্ন চিকিত্সাসামগ্রী জব্দ করা হয়। মঙ্গলবার রাতে র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

র‍্যাব কর্মকর্তা জানান, রুবেল সনদপ্রাপ্ত কিংবা বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে এবং নিজের নামে অবৈধভাবে সিলমোহর, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।