সুকেশের উপহার প্রত্যাখ্যান করেছি: সারা

জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহীর পর সুকেশ চন্দ্রশেখরের প্রতারণা মামলায় আরও তিন বলিউড অভিনেত্রীর নাম যুক্ত হয়েছে। গতকাল প্রকাশিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত প্রতিবেদনে সারা আলী খান, জাহ্নবী কাপুর ও ভূমি পেডনেকরের নাম উঠে এসেছে। 

ভারতীয় গণমাধ্যমগুলো ইডির তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশ করেছে, সুকেশ চন্দ্রশেখর সারা, জাহ্নবী ও ভূমিকে উপহার পাঠানোর জন্য প্রতারণার অর্থ ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। 

জানা গেছে, এই তিন অভিনেত্রীকে নিজের পরিচয় গোপন করে সুরজ নামে যোগাযোগ করে সুকেশ। ২০২১ সালের ২১ মে থেকে সারাকে টার্গেট করে এসএমএস করতে থাকেন সুকেশ। এমনকি দামি দামি উপহার পাঠাতে থাকেন সারাকে। যদিও সারা ইডির জেরায় সেই উপহারগুলো প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছেন। 

একই বছর জাহ্নবি কাপুরকে একটি প্রতিষ্ঠান উদ্বোধনে নিয়ে যান সুকেম ও তার স্ত্রী। সে সময় তাকে নগদ ১৮ লাখ টাকা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় বেশকিছু মূল্যবান উপহারও পাঠান তারা। এছাড়া ভূমিকেও একটি বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত করতে চান এবং দামি গাড়ি উপহার দেওয়ার কথা বলেন। তবে সারার মতো ভূমিও ইডিকে জানিয়েছেন সেই গাড়ি তিনি উপহার নেননি। 

এ প্রসঙ্গে সারা বলেন, ‘আমি আগেই ইডিকে চিঠিতে জানিয়েছি সুকেশের উপহার প্রত্যাখ্যান করেছি। তারপরও এই বিষয়টি নিয়ে সমালোচনা সত্যিই দুঃখজনক। এতে আমার পরিবার ও ক্যারিয়ারে নেবিাচক প্রভাব পড়ছে।