টেস্টের পর ওয়ানডে অভিষেকেও বিবর্ণ  ইয়াসির রাব্বি

আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত ভুবনে প্রবেশে দীর্ঘ অপেক্ষার প্রহর পাড়ি দিতে হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। ২০১৯ সাল থেকেই জাতীয় দলের বহরে ছিলেন তিনি। আড়ালে-আবডালে তাকে ডাকা হতো ‘পানি টানা’ প্লেয়ার, এমনকি স্হায়ী দ্বাদশ খেলোয়াড়ের তকমাও যেন তার নামের পাশে যোগ হয়ে গিয়েছিল।

গত ডিসেম্বরে হোম ভেন্যু চট্টগ্রামে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েছিল ইয়াসির আলীর। টেস্ট অভিষেক হয়েছিল মিডল অর্ডার এ ব্যাটসম্যানের। দুই মাস পরই গতকাল ওয়ানডে অভিষেকও হয়ে গেল ইয়াসির আলীর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে সুযোগ পান এ তরুণ। ওয়ানডে ফরম্যাটে দেশের ১৩৭তম ক্রিকেটার তিনি।

ফিল্ডিংয়ে সময়টা খারাপ কাটেনি লোকাল বয় ইয়াসির আলীর। স্লিপে একটি ক্যাচ নিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটিংয়ে নামতেই অভিষেকটা বিবর্ণ হয়ে গেল ২৫ বছর বয়সি এ ব্যাটসম্যানের। সাগরিকায় উইকেটের পতনে মিছিলে যোগ দেন তিনি। পারেননি দলের ভরসা হতে। ৫ বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়েছেন ইয়াসির। ফজল হক ফারুকির বলে বোল্ড হয়েছেন তিনি। ওয়ানডে অভিষেকেই শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের ১৫তম ব্যাটসম্যান তিনি।