কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

প্রায় দেড় শতাধিক সার্ফারের অংশগ্রহণে গতকাল শুক্রবার কক্সবাজারে শুরু হয়েছে পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা।

কক্সবাজার  সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলবে তিনদিনের এ প্রতিযোগিতা। এতে চূড়ান্ত পর্বে ৬৫ জন প্রতিযোগী পুরুষ, মহিলা ও জুনিয়র (বালক) বিভাগে শিরোপার জন্য লড়বেন। ২৮ এপ্রিল ফাইনাল হবে। বিজয়ী সার্ফারদের লক্ষাধিক টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। 

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আয়োজিত বিশ্বের সর্ববৃহত্ সমুদ্র সৈকতে  গতকাল সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশীদ।

এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) ও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইউসুফ হারুন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক  এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান  আখতারুজ্জামান খান কবীর, পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার  হাবিবুর রহমান, সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক  অশোক কুমার, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক  মো. আশরাফুল আফসার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও বিএসএর যুগ্ম সম্পাদক  মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য স্বপন বসু ও বদরুল আলম চৌধুরী।—বাসস