পদ হারাচ্ছেন জেনেই হয়তো সিডন্সকে এগিয়ে রাখলেন ডমিঙ্গো

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদ হারানোর গুঞ্জন ওঠে। সেটি যেন সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। মূলত জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে টাইগারদের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি। এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

চলমান আফগান সিরিজে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জেমি সিডন্সের সম্পৃক্ততা বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে, বিপরীত চিত্র ডমিঙ্গোর বেলায়। তিনি যেন কেবল চাকরি করছেন বলেই দলের সঙ্গে আছেন। সম্পৃক্ততা খুব একটা দেখা যাচ্ছে না। বাংলাদেশেও এসেছেন সিরিজ শুরুর দুই দিন আগে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডের আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন রাসেল ডমিঙ্গো। এ সময় তাকে প্রশ্ন করা হয়, দলে জেমি সিডন্সের ভূমিকা নিয়ে। জবাবে অস্ট্রেলিয়ান কোচকে নিজের থেকেও এগিয়ে রাখলেন প্রোটিয়া কোচ।

রাসেল ডমিঙ্গো বলেন, ‘দেখুন সে অনেক অভিজ্ঞ একজন কোচ। বিশ্বজুড়ে কোচিং করিয়েছে, এখানকার সিস্টেম সে জানে, অনেক খেলোয়াড়কে চেনে। হয়তো আমার চেয়েও ভালো জানে। কারণ, আগেও সে এখানে ছিল। তাই তাকে পেয়ে ভালো লাগছে, কোচিং স্টাফে সে অনেক অভিজ্ঞতা বাড়িয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

এর আগে ২০০৭ সাল থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন জেমি সিডন্স। তার অধীনেই তামিম, সাকিব ও মুশফিকদের ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়। এ কথা বিভিন্ন সময় স্বীকারও করেছেন এই ক্রিকেটাররা।