‘সাগরে ময়লা ফেলার’ অভিযোগে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী তিন জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সেন্টমার্টিনে দায়িত্বরত পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
যেসব জাহাজকে জারিমানা করা হয় সেগুলো হলো-এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল সেন্টমার্টিন জেটিঘাটে নোঙরত ছিল। এক পর্যায়ে ভ্রম্যমাণ আদালতের কাছে খবর আসে ওই জাহাজ তিনটির রান্নাঘর থেকে ময়লা-আবর্জনা সাগরে ফেলা হচ্ছে। এ খবরে ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানে ওই জাহাজ তিনটিকে জরিমানা করা হয়। প্রতিটি জাহাজকে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অভিযুক্ত জাহাজগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিবেশ আইন মানার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আগামীতে তারা যদি আবারও আইন লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে জাহাজ চলাচল বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট বিধি মতে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
সেন্টমার্টিনে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সুপারিশকৃত ১৩ দফা বাস্তবায়নে প্রশাসনের সংশ্লিষ্টরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান নওরীন হক।