ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় মো. এরশাদ মাঝি (৩৪) ও মো. আকবর মাঝি (৩৫) নামে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও মো. মমিন মাঝি (১৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। নিহত জেলেরা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়।
ভনানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মমিন মেম্বার জানান, আজ বিকেল সাড়ে ৪ টার দিকে ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করার সময় জালের সঙ্গে আটকা পরে মো. এরশাদ মাঝি ও আকবর মাঝির লাশ। এরপর জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর পাতা ইউনিয়নের আব্দুল রহমানের ট্রলারের করে ওই ইউনিয়নের ৯ জেলে ইলিশ শিকারের জন্য রওনা হয়। পরে রাত ২-৩ টার দিকে তারা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ শিকার করছিল। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহী লঞ্চটি ওই স্থানে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় জেলেদের ডাক চিৎকারের স্থানীয়রা জেলেরা ৬ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।