পূর্ব ইউক্রেনের দোনেতস্কের ভুলেদার শহরের এক হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আহতদের মধ্যে ছয়জন চিকিৎসক রয়েছেন। ইউক্রেনের সামরিক কম্যান্ড এই দাবি করেছেন।
এদিকে ইউক্রেনের সীমান্তরক্ষীরা জানিয়েছে, রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। দেশটির সীমান্তরক্ষীরা আরও জানিয়েছে, সরকারি স্থাপনাকে লক্ষ্য করে রাশিয়ার গ্র্যাড মিসাইল মঞ্চস্থ করা হয়েছে।
ইউক্রেন রাজধানীর উত্তরে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বেশ কয়েকটি হেলিকপ্টার শহরের দিকে উড়তে দেখেছেন। এছাড়া রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজধানী কিয়েভ। বিবিসি, রয়টার্স, এনডিটিভি, এএফপি।