ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক হত্যা মামলার আসামি মো. রমজান আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাব সদস্যরা জেলার ভালুকার আমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. রমজান আলী ঈশ্বরগঞ্জ উপজেলার গাতীপাড়া এলাকার মৃত আসন আলীর ছেলে। র্যাব-১৪-এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হতি ইউপি নির্বাচনের পরে গত ৮ ফেব্রুয়ারি সকালে পরাজিত মেম্বার প্রার্থী মতিউর রহমান বাচ্চু এবং বিজয়ী মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাভেল মিয়া নামের একজন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। আহত পাভেল মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৯ ফেব্রুয়ারি মারা যায়। এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।