নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
জেলার নন্দীগ্রামে ছুরিকাঘাতে খোদেজা খাতুন (৩৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যান চালক এনতাজুর রহমানের স্ত্রী। জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে এনতাজুর রহমান চিত্কার শুরু করেন। তার চিত্কারে পরিবারের লোকজন ছুটে আসে। এ সময় এনতাজুর তাদের জানান, কে বা কারা জানালা দিয়ে খোদেজাকে ছুরিকাঘাত করেছে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোদেজাকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার ভোরে খোদেজা খাতুন মারা যান। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, নিহতের স্বামী এনতাজুর রহমানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।