লঘুচাপ নিম্নচাপে পরিণত

দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটা বাংলাদেশেষর উপকূল হতে এর অবস্থান এখনো অনেক দূরে। তবে পরে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে তাপদাহ বইছে। কিছু কিছু জায়গা থেকে এই তাপদাহ কমতে পারে। আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।         সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও তত্সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি গতকাল শুক্রবার দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ১৭০ কিঃ মিঃ দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৮৫ কিঃ মিঃ দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ২ হাজার ১৮৫ কিঃ মিঃ দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২ হাজার ১৩৫ কিঃ মিঃ দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।